কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের গুলিবর্ষণ ও নৌকা ছিনতাইয়েরঅভিযোগ উঠেছে। এ সময় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাল্টা অভিযান চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। বিষয়টি নিয়েস্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় দিকে টেকনাফের হ্নীলা সুইচগেট সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।
বিজিবি জানিয়েছে— খবর পেয়ে হ্নীলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় সশস্ত্র গ্রুপটি ডুবারচরএলাকা অতিক্রম করার সময় বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে আনুমানিক ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোড়ে।
আরও জানিয়েছে— ঘটনার পর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ইমাম হোসেন (২৫) ও নুরুল আমিন (২৩) নামে দুই রোহিঙ্গাজেলেকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। তাদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান— মিয়ানমারের রাখাইন সীমান্তের দিক থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে সশস্ত্র একটি গ্রুপ নাফ নদীতে এসে মাছধরতে যাওয়া জেলেদের ধাওয়া করে। পরে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। সশস্ত্র গ্রুপটি জেলেদের ফেলে রাখা নৌকা ও জালনিয়ে পরে মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এম. অনীক চৌধুরী বলেন— মিয়ানমারের কিছু নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাচালিয়েছিলো। বিজিবি তাদের এ অনুপ্রবেশ ঠেকিয়ে দেয়। তবে গুলিবর্ষণের বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান।
বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাজোরদার করা হয়েছে বলে জানান বিজিবি।