ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী এক কঠোর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন। বুধবার (২০ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলেন হেলেঞ্চাহাটি গ্রামের টিটোল মল্লিক (৩৭) এবং কঠুরাকান্দি গ্রামের মেহেদী হাসান (২৬)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এই দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, টিটোল মল্লিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও দুই মাস কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে, মেহেদী হাসানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, যা অনাদায়ে এক মাস কারাদণ্ড হিসেবে গণ্য হবে।
আদালতের বিচারক সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একে এম রাহানুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান একটি চলমান প্রক্রিয়া। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা বদ্ধপরিকর এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রশাসনের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।